ঈদের ছুটিতে করণীয় ও সতর্কতার কিছু কথা

যারা রুকইয়াহ করছেন, ঈদের সময় আনন্দ ও ব্যস্ততার মাঝে কিছু বিষয়ে বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কারণ অনেক সময় ঈদের ছুটি, বেড়ানো বা পরিবেশ পরিবর্তনের কারণে নিয়মিত আমলের ধারাবাহিকতায় ঘাটতি চলে আসে, যা ক্ষতির কারণ হতে পারে।

১. আমলের ধারাবাহিকতা বজায় রাখুন

ঈদে গ্রামের বাড়ি বা আত্মীয়-স্বজনের বাসায় বেড়াতে গেলে অনেকের দৈনন্দিন আমলের ছন্দ কিছুটা বদলে যায়। চেষ্টা করবেন, যেখানেই থাকুন না কেন— সাধ্যানুযায়ী আমল চালিয়ে যেতে। প্রয়োজনে আপনার গাইড বা অভিজ্ঞ কারও সঙ্গে পরামর্শ করে নিতে পারেন।

২. রুকইয়াহ শুধু রমজানের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না

অনেকে রমজানে নতুন উদ্যমে রুকইয়াহ শুরু করেন। কিন্তু রমজান শেষ হওয়ার পরও সেই ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করা জরুরি।

৩. অন্তত প্রয়োজনীয় মাসনুন আমলগুলো নিয়মিত করুন

সফরে থাকলেও অন্তত দৈনন্দিন মাসনুন আমলগুলো করার চেষ্টা করুন। যেমন—

  • সকাল-সন্ধ্যার আমল

  • আয়াতুল কুরসি

  • সূরা ফাতিহা ও তিন কুল

  • ঘুমের আমল

  • হেফাজতের দুআসমূহ

যদি কোনো কারণে পূর্ণ রুটিন অনুসরণ করা সম্ভব না হয়, তাহলে যতটুকু পারেন নিয়মিত রাখুন।

৪. কম হলেও রুকইয়াহ চালিয়ে যান

যাদের নির্দিষ্ট সময় ধরে তিলাওয়াত শোনার অভ্যাস আছে, তারা যদি পূর্ণ সময় না পান, অন্তত কিছু সময় বের করুন।

দুই-তিন ঘণ্টা সম্ভব না হলে আধা ঘণ্টা বা এক ঘণ্টাও উপকারী হতে পারে। আর সম্ভব হলে নিজে তিলাওয়াত করা আরও ভালো।

৫. প্রয়োজনীয় জিনিস আগে থেকেই প্রস্তুত রাখুন

যাদের পানি, তেল, মধু বা এ ধরনের কিছু ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে, তারা আগেই দোয়া পড়ে প্রস্তুত করে রাখতে পারেন। এতে ব্যস্ততার কারণে বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা কমে যায়।

৬. শিশুদের ব্যাপারে সতর্ক থাকুন

ঈদের সময় আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা-সাক্ষাৎ বেশি হয়। অনেক সময় শিশুদের নিয়ে অতিরিক্ত প্রশংসা বা মন্তব্য করা হয়।

তাই নিজের আমলের পাশাপাশি শিশুদের জন্যও দুআ ও হেফাজতের আমল করা যেতে পারে।

যদি শিশুর মধ্যে অস্বাভাবিক আচরণ দেখা যায়, যেমন—

  • অস্বাভাবিক কান্নাকাটি

  • খাওয়ার সমস্যা

  • পেটব্যথা

  • অস্থিরতা

তাহলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

৭. দুআর গুরুত্ব ভুলে যাবেন না

ঈদের আনন্দের পাশাপাশি এটি দুআ ও ইবাদতেরও একটি সুন্দর সময়।

তাই নামাজ ও অন্যান্য আমলের পাশাপাশি নিজের জন্য, পরিবারের জন্য এবং অন্যদের জন্যও বেশি বেশি দুআ করুন।

আর অবশ্যই ঈদের সুন্নাহগুলোর প্রতিও যত্নবান হওয়ার চেষ্টা করুন।

সবশেষে, ঈদের আনন্দ যেন আমাদের আমল ও আল্লাহর স্মরণ থেকে দূরে না সরিয়ে দেয়। বরং আনন্দের মাঝেও যদি ইবাদতের সৌন্দর্য ধরে রাখা যায়, তাহলে সেটাই হবে প্রকৃত সফলতা।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে কল্যাণের তাওফিক দান করুন। আমীন।



Post a Comment

0 Comments